সীতাকুণ্ডে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, সাত দিনে হাসপাতালে ভর্তি ২৪ রোগী

সীতাকুণ্ডে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, সাত দিনে হাসপাতালে ভর্তি ২৪ রোগী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক যুবক। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে মারা যান তিনি।

বিজ্ঞাপন

মৃত রাফসান মোহাম্মদ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলি এলাকার বাসিন্দা। এরই মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিনে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ সেপ্টেম্বর তীব্র জ্বর নিয়ে চট্টগ্রাম নগরীর মেরন সিটি হাসপাতালে ভর্তি হন রাফসান। ১৪ সেপ্টেম্বর তাকে ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

তার ভগ্নিপতি মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ‘মাত্র কয়েক দিনের সামান্য জ্বর একটা তাজা প্রাণ এভাবে কেড়ে নেবে, ভাবতেও পারিনি। আমরা আমাদের প্রিয় স্বজনকে হারিয়েছি, আর কোনো পরিবার যেন এমন নির্মম শোকের মুখোমুখি না হয়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ১০টি বিশেষ শয্যা ও পর্যাপ্ত সরকারি ওষুধপত্র মজুত রয়েছে। তবে শুধু হাসপাতালে চিকিৎসা দিয়ে ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

সীতাকুণ্ড পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার ও পানি অপসারণ করছেন। নির্মাণাধীন ভবন ও ড্রেনে মশার লার্ভিসাইড স্প্রে জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন