আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটিয়ায় সবকটি কেন্দ্রে জিতে রেকর্ড গড়লেন ধানের শীষের প্রার্থী

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় সবকটি কেন্দ্রে জিতে রেকর্ড গড়লেন ধানের শীষের প্রার্থী
ছবি: আমার দেশ

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ১ লাখ ৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষের এনামুল হক এনাম। এছাড়া সারা দেশের যে কজন প্রার্থী সব কেন্দ্রে বিজয়ী হয়েছেন, সেখানে চট্টগ্রাম-১২ পটিয়া আসনও একটি।

চট্টগ্রাম-১২ পটিয়া আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ সময় পর পুরোনো ঐতিহ্য ফিরে পেল তারা। ঘোষিত ফলাফলে দেখা যায়, পটিয়া আসনের ১১৩টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৯ হাজার ৪৯৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৬৩টি।

বিজ্ঞাপন

তন্মধ্যে বিএনপির এনামুল হক এনাম সবকটি কেন্দ্রে বিজয়ী হয়ে সর্বমোট ১ লাখ ৩৪ হাজার ৮০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৭৭৭ ভোট। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. ফরিদুল আলম ২০ হাজার ৯৪২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ইসলামী ফ্রন্ট ও জামায়াতের প্রার্থী নিজেদের কেন্দ্রেও জয়ী হতে পারেননি।

প্রতিটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপির এনামুল হক এনাম ৮টি কেন্দ্রে দুই হাজারের বেশি, ৬০টি কেন্দ্রে হাজারের বেশি এবং বাকি কেন্দ্রগুলোতে প্রায় হাজারের কাছাকাছি ভোট পেয়েছেন। ভোট বিশ্লেষণে দেখা গেছে, ৮ প্রার্থীর মধ্যে এনামুল হক এনাম ও এয়ার মোহাম্মদ পেয়ারু ছাড়া জামায়াতসহ সব প্রার্থী জামানত হারিয়েছেন।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান, প্রাথমিক ফলাফলে বিএনপির এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কোনো সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। শুক্রবার পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...