সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

সন্দ্বীপে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এই ঘটনায় দুই উপ-পরিদর্শক (এসআই)সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সারিকাইত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ৯৯৯-এ কলের মাধ্যমে সারিকাইতে মাদকসহ দিদার নামে এক ব্যক্তিকে আটকের খবর পায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বিএনপির দুটি পক্ষকে সংঘর্ষে লিপ্ত দেখতে পায়। সংঘর্ষে মান্না নামে এক ব্যক্তি গুরুতর আহত হলে স্থানীয় মাদকচক্র ও তাদের অনুসারীরা একত্রিত হয়ে পুলিশের ওপর দায় চাপিয়ে সংঘবদ্ধ হামলা চালায়। মুহূর্তের মধ্যে প্রায় ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। এতে এসআই আপেল ও এসআই নূর মোহাম্মদ আহত হন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।

হামলায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ফাহিম, তাহিন ও নিলয় নামে তিনজনকে আটক করেছে। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন