চট্টগ্রামের চান্দগাঁওয়ে আন্তর্জাতিক মানের ১০০০ শয্যাবিশিষ্ট একটি সুবিশাল হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবার তীব্র সংকট দূর করা এবং সাধারণ মানুষের কাছে মানসম্মত আন্তর্জাতিক চিকিৎসা পৌঁছে দিতে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ে এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে।
শনিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম মহসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ৫০০ শয্যার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ২১টি বিভাগের মাধ্যমে রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। যেখানে দৈনিক ৫০০ থেকে ৭০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন এবং রোগীদের ১০ শতাংশকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। তবে অন্তর্বিভাগে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে অনেক রোগীকে ফেরত দিতে হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি হাসপাতালেও শয্যা সংকটে রোগীদের দুর্ভোগ প্রতিনিয়ত বাড়ছে। এ পরিস্থিতি সামাল দিতেই স্বল্প পরিসরে ফাইল ও নকশার কাজ সম্পন্ন করে আরও ১০০০ শয্যার একটি নতুন হাসপাতাল গড়ার কার্যকর পদক্ষেপে এগোচ্ছে সংস্থাটি।
বক্তারা জানান, সরকারি হাসতাপাতালগুলো প্রতিদিন মানুষকে এমনভাবে চিকিৎসা দেওয়া হয় যেন তারা পশুর চেয়ে অধম। কোন কোন খামারে পশুকেও আরও ভালোভাবে রাখা হয়। যা আমাদের জন্য লজ্জার। তাই চট্টগ্রামের মানুষকে স্বল্প মূল্যে ভালো সেবা দিতে আমরা আরও বড় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিচ্ছি।
বাংলাদেশ মেডিকেল এডুকেশন এক্রিডিটেশন কাউন্সিল (বিএমইএসি)-এর অধীনে আন্তর্জাতিক মানদণ্ডে দেশের ১২৪টি মেডিকেল কলেজের মধ্যে প্রথম ধাপে আটটি প্রতিষ্ঠান পরিপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বেসরকারি খাতে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই গৌরব অর্জন করেছে। এর ফলে এই কলেজের গ্র্যাজুয়েটরা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বহির্বিশ্বের যেকোনো দেশে উচ্চতর প্রশিক্ষণ ও পেশাগত সুবিধা পাবেন।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গত ২২ বছর ধরে দেশের সর্ববৃহৎ বেসরকারি ডেন্টাল কলেজ ও ৬৫ ইউনিটের হাসপাতাল এবং বিগত ৮ বছর ধরে একটি নার্সিং কলেজ সফলতার সাথে সেবা দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. এ কে এম ফজলুল হক, ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. এ টি এম রেজাউল করিম, মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসলিমা আক্তার।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-686897-720x405.webp)