ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার ব্যানারে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটির নেতৃত্ব দেন ফেনী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান হাবিব।
জানা গেছে, মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকা প্রদক্ষিণ করে ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দিকে চলে যায়। জুলাই মাসে শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ব্যানারে একাধিকবার ঝটিকা মিছিল করা হয়।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আশপাশের দোকানদার ও স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ফেনী সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এদিকে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শুক্রবার বেলা ১১টা ২৬ মিনিটের দিকে মিছিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নানা সমালোচনা করছেন স্থানীয়রা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

