নোয়াখালীতে বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২

নোয়াখালীতে বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২
ছবি: আমার দেশ

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬২)কে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।

বৃহস্পতিবার রাত ১২টায় চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূলগলির ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী ঘটনার কারণ কোনো কারণ জানাতে পারেননি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি নোয়াখালীর প্রধান বাণিজ্যিক নগরী চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিেটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারে হর্কাস মার্কেটের সমিতির অফিসে বসেন। এরপর রাত ১২টায় তিনি ও ফার্মেসি ব্যবসায়ী সেন্টুসহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে তারা দুজন হাঁটতে হাঁটতে হর্কাস মার্কেটের মুলগলির ওবায়দুলের চা দোকানের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় আবুল কাশেমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এই ঘটনায় বিএনপি নেতা ও নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী আবুল কাশেম অভিযোগ করেন, দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে গুলি করেছে। গুলি প্রথমে আমার হাতে লাগে পরে ব্যবসায়ী ইয়াসিন সেন্টুর বুকে গুলিবিদ্ধ হয়েছে। কারা গুলি করেছেন ও ঘটনার বিস্তারিত জানতে চাইলে, উত্তরে তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের অফিসে সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী সেন্টু গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে তাদের ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত হয়নি।

ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এজহার ফেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন শুক্রবার দুপুর পৌনে ১২ টায় বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি তদন্ত করছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন