নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছে

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, আসলে যা ঘটেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউসুফ বেলাল অর্ণব নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা মলম পার্টির খপ্পরে পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালায়। এ লক্ষ্যে তারা ‘বিএনপির সন্ত্রাসীরা’ এস্কেভেটরে ঝুলিয়ে ছাত্রলীগ নেতাকে নির্যাতন করছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এস্কেভেটরে ঝুলিয়ে নির্যাতনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি ইউসুফ বেলাল অর্ণব মলম পার্টির খপ্পরে পড়লে অজ্ঞান অবস্থায় ছেলেকে সড়কের পাশ থেকে উদ্ধার করে তার মা ছেনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি করেন। কিন্তু এ ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ফেসবুক আইডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এ নেতাকে এস্কেভেটরে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে বলে গুজব ছড়ায়। ছড়িয়ে দেয়া ভিডিওতে তারা উল্টো দাবি করে যে, বিএনপির সন্ত্রাসীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

ওই ভিডিওতে দেখা যায়, ওই নেতার দুই পা রশি দিয়ে বেঁধে এস্কেভেটরে ঝুলিয়ে নির্যাতন করছে। এস্কেভেটরে পাশে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের সামনে লম্বা আকৃতির একটি নাম্বার প্লেট দেখা যায়। এই জাতীয় লম্বা আকৃতির নম্বর প্লেট সাধারণত বাংলাদেশে দেখা যায় না বলে স্থানীয়রা মন্তব্য করেন। তবে এস্কেভেটরে ঝুলিয়ে নির্যাতনের ঘটনার এমন একটি ভিডিও দেখে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ইউসুফ বেলালের মা ছেনোয়ারা বেগম আমার দেশকে বলেন, এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং এই ধরনের কোনো ঘটনা আমার ছেলের সাথে ঘটেনি।

তিনি আরো বলেন, আমার ছেলে গত তিন দিন আগে রাত ৮টার সময় বাড়ি থেকে বের হয়ে সালালকান্দি থেকে সিএনজিতে করে বাড়বকুণ্ডে গিয়ে চট্টগ্রামমুখী একটি ভাড়া প্রাইভেটকারে করে শহরে যাওয়ার সময় রিংরোড এলাকায় মলম পার্টির খপ্পরে পড়ে। আমার ছেলের মোবাইল থেকে রাত ১২টায় প্রাইভেটকারের ড্রাইভার আমাকে ফোন করে বলে, আপনার ছেলে বেহুঁশ অবস্থায় লিংক রোডের ভিতরে রাস্তায় পড়া আছে। ৭/৮ জন লোক তাকে কি খাওয়াই দিয়ে সাথে থাকা সব কিছু নিয়ে গেছে। সংবাদ দিয়ে আমি রাত্রে লিংক রোডের অনেক ভিতরে দুপাশে পাহাড় সেখানে রাস্তার মধ্যে আমার ছেলেকে পড়ে থাকতে দেখি। সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন থাকার পর বর্তমানে বাড়িতে নিয়ে এসেছি। তার পকেটে ১২ হাজার টাকা ছিল সেগুলো নিয়ে গেছে; কিন্তু মোবাইল ফোন নেয় নাই।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর আমার দেশকে বলেন, সীতাকুণ্ডে বিএনপির সুনাম ক্ষুণ্ন করার জন্য এবং সীতাকুণ্ডকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশের বাইরের কোনো ভিডিও বাড়বকুণ্ড ইউনিয়নের ছাত্রলীগ নেতাকে- বিএনপির সন্ত্রাসীরা নির্যাতন করছে মর্মে তাদের ফেসবুক থেকে ছড়িয়ে দিয়েছে। এই ঘটনার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

সীতাকুন্ড থানার ওসি মুজিবুর রহমান আমার দেশকে বলেন, ছাত্রলীগ নেতাকে এস্কেভেটরে ঝুলিয়ে নির্যাতনের যেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে; বাস্তবে কিন্তু এই জাতীয় কোনো ঘটনা সীতাকুণ্ডে ঘটেনি। এই ভিডিওটি সঠিক নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন