চট্টগ্রামে টর্চার সেলের সন্ধান পুলিশের, গ্রেপ্তার ১০

চট্টগ্রামে টর্চার সেলের সন্ধান পুলিশের, গ্রেপ্তার ১০

চট্টগ্রামে টর্চার সেল পরিচালনার অভিযোগে একটি সন্ত্রাসী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে গুলি, হাতকড়া, হান্টার, বৈদ্যুতিক শক দেওয়ার ডিভাইসহ বিপুল পরিমাণ সরঞ্জাম। এর পেছনে নেতৃত্বে থাকা শহিদুল ইসলাম প্রকাশ বুইশশা পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে নগরের চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ ও র‌্যাব-৭।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বোরহান উদ্দিন, শান্ত মজুমদার, মো. আল আমিন, মো. মারুফ, মো. মিজানুর রহমান, মো. রকুন উদ্দিন, মো. অন্তর, খড় পাল, মো. রাহাত, ও মো. ফরহাদ।

এই উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, তাদের ব্যবহৃত বাসা থেকে একটি ১২টি কার্তুজ, ৪টি হান্টার, ৩টি হ্যান্ডকাফ, দুটি ব্যাটন, বৈদ্যুতিক শক ডিভাইসসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়াও উদ্ধার করা হয় লোক লুকানোর জন্য ব্যবহৃত ৩০ ফুট দৈর্ঘ্যের একাধিক দড়ি, কালো মুখোশ, হ্যান্ড গ্লাভস, ক্যামেরাযুক্ত নজরদারি ডিভাইস, ডিজিটাল মাদক মাপার যন্ত্র, বিশেষ ধরনের রশি ও চোখ বাঁধার ফিতা।

এক প্রশ্নের জবাবে আমিরুল ইসলাম বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না । তারা অপরাধীই। প্রধান অভিযুক্ত বুইশশাসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন