আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সন্দ্বীপে ভোট কিনতে ছড়ানো হচ্ছে জাল নোট

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

সন্দ্বীপে ভোট কিনতে ছড়ানো হচ্ছে জাল নোট
ছবি : আমার দেশ

নির্বাচনের ডামাডোলের মাঝে সন্দ্বীপে বিশাল অঙ্কের জাল নোট ছড়িয়ে পড়ার এক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বিশেষ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সন্দ্বীপ-হাতিয়া রুটে প্রায় দুই কোটি টাকার জাল নোট ঢুকেছে, যার মধ্যে কেবল সন্দ্বীপেই এক কোটি টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে একটি অসাধু চক্রের। যদিও অসমর্থিত এসব সূত্রের তথ্যের সত্যতা দাপ্তরিকভাবে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে জনমনে তীব্র আতঙ্ক ও প্রশাসনের মাঝে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে।

বেশ কয়েকটি নির্ভরযোগ্য কিন্তু অসমর্থিত সূত্রের দাবি, নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে এবং ‘ভোট কেনাবেচার’ কাজে ব্যবহারের জন্য এই বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়া হয়েছে। বিশেষ করে ৫০০ ও ১ হাজার টাকার নোটের আদলে নিখুঁতভাবে তৈরি এসব জাল টাকা দ্বীপের সাধারণ ব্যবসায়ী ও প্রান্তিক মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জাল নোটের এই চক্রকে শনাক্ত করতে এবং বাজারে এদের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছে সন্দ্বীপ থানা পুলিশ। এ বিষয়ে সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর জানান, "আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। গতানুগতিক ডিউটির বাইরেও বর্তমানে সাদা পোশাকে পুলিশের নজরদারি আগের চেয়ে বহুগুণ জোরদার করা হয়েছে। যেকোনো মূল্যে এই চক্রকে রুখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।"

এদিকে জাল নোটের প্রবাহ রোধ এবং নির্বাচনি স্বচ্ছতা বজায় রাখতে সন্দ্বীপের সাধারণ মানুষের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রশাসন। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মংচিংনু মারমা জনগণের প্রতি সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, "বাজারে লেনদেনের সময় সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আমি স্পষ্ট করে বলতে চাই—জাল বা আসল যেকোনো ধরনের লেনদেনের মাধ্যমেই নিজের মূল্যবান ভোট বিক্রি করবেন না। অর্থের বিনিময়ে ভোটাধিকার হরণ করা দণ্ডনীয় অপরাধ। আমরা পরিস্থিতি মনিটর করছি।"

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বীপাঞ্চলে জাল নোটের অনুপ্রবেশ কেবল অর্থনীতি নয়, বরং নির্বাচনের সুষ্ঠু পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করতে পারে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো যদি দ্রুত এই সিন্ডিকেটকে চিহ্নিত করতে না পারে, তবে সাধারণ মানুষ চরমভাবে প্রতারিত হওয়ার ঝুঁকিতে থাকবে।

এমতাবস্থায়, বড় অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে সন্দ্বীপের প্রতিটি বাজার ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন