স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে ৫ জনকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল বেপারী ও আমির হোসেনের নেতৃত্বে সোহেল, বাবু, হানিফ, জাকির, জহির, জামালসহ অজ্ঞাতনামা প্রায় ৩০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এতে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি, বিএনপি কর্মী মহসিন কবির, দাদন মাঝি, মানিক মাঝি এবং যুবদল নেতা কবির হোসেন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝি বলেন, সকালে একটি তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে পূর্ববিরোধের জেরে বিকেলে মিজানুর রহমান রাসেল ও আমির হোসেনের নেতৃত্বে সোহেল, বাবু, হানিফ, জাকির, জহির, জামালসহ আরো কয়েকজন তাদের ওপর হামলা চালান। এ সময় তারা রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়েছেন বলে জানান।

আহত মহসিন কবির বলেন, সকালে কী নিয়ে ঝামেলা হয়েছে তা তিনি জানতেন না। বিকেলে বাজারে যাওয়ার পথে অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা করা হয়। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তার বাবা দাদন মাঝি, চাচা এরশাদ মাঝি, মানিক মাঝি এবং ভাই কবির হোসেন হামলার শিকার হন। এতে তার বাবা গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি। আহত পাঁচজনের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রাসেল বেপারী বলেন, ‘বিকেলে আমার ওপর হামলার চেষ্টা করে তারা। পরে আমাদের লোকজন তাদের মারধর করেছে। আমাদের লোকও হাসপাতালে ভর্তি আছে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘হাজিমারা বাজারে হামলার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন