কুমিল্লায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে এক মাছ চাষির প্রায় সাত লাখ টাকা ক্ষতি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাছ চাষি মো. টুটুল জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি পুকুরপাড়ে আসেন। এসে দেখেন পুকুরে প্রচুর মাছ ভেসে উঠছে। পুকুরের চারপাশে কীটনাশকের তীব্র গন্ধ। এতে তিনি হতভম্ব হয়ে পড়েন।
তিনি আরও জানান, তিন বছরের জন্য সাড়ে চার লাখ টাকায় পুকুরটি লিজ নিয়েছিলেন তিনি। রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, কার্পসহ নানা প্রজাতির মাছ ছাড়াও মাছের পোনা ও খাবারে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করেছেন। এখন পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
টুটুল মিয়া অভিযোগ করে বলেন, গত ২৫ আগস্ট পুকুরের পাশে নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরা কিছু লোক ভাঙচুর করেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ধারণা, প্রতিহিংসার জের ধরেই একই পক্ষ এই বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে । তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্তসাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় শুধু একজন মাছ চাষিরই নয়, পুরো এলাকার মানুষেরও ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাছ চাষি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

