ফরিদগঞ্জে ভুয়া ডাক্তারের জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ফরিদগঞ্জে ভুয়া ডাক্তারের জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

চাঁদপুরের ফরিদগঞ্জে রিপন চন্দ্র দে নামে এক ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে তার পরিচালিত মিলন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন

৪ জুন উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

জানা গেছে, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার এলাকায় নিজের বসতবাড়িতে ‘মিলন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি অবৈধ প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন রিপন চন্দ্র দে। ডায়াগনস্টিক সেন্টারটির কোনো অনুমোদন ছিল না। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে দক্ষ চিকিৎসক, নার্স, ল্যাব সহকারী ও দক্ষ টেকনিশিয়ান না থাকলেও সেখানে হাসপাতালের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। এমনকি সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও অস্ত্রোপচারও করতেন তিনি। মঙ্গলবার বিষয়টি জেনে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠানটি পরিচালনার প্রয়োজনীয় অনুমোদন না থাকায় তাৎক্ষণিক সেটি সিলগালা করা হয়।

এদিকে রিপন চন্দ্র দেকে ডিগ্রিধারী না হয়েও ডাক্তার উপাধি ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জুয়েল।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, ফরিদগঞ্জ থানার এএসআই জুমায়েত হোসেন জুয়েল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন