কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে হাসপাতালের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণ, অক্সিজেন প্ল্যান্ট সচল রাখতে বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
সোমবার বিকেলে কুমিল্লা সফর শেষে ফেরার পথে আকস্মিকভাবে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসা সেবার মান, ওয়াসরুমসহ সার্বিক অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রোগীদের খাবারও খেয়ে দেখেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কাগজপত্র প্রস্তুত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার কাজও করা হবে। দীর্ঘদিন ধরে হাসপাতালটির পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
৫০ শয্যার এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দীর্ঘদিনের।
স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণায় স্থানীয়রা দ্রুত উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. মো. ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান এবং চান্দিনা থানার অফিসার ইন-চার্জ আতিকুর।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

