স্পিডবোটের ভাড়া বৃদ্ধির কথা বলে তোপের মুখে বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

স্পিডবোটের ভাড়া বৃদ্ধির কথা বলে তোপের মুখে বিএনপি নেতা

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে নৌরুট কুমিরা-গুপ্তছড়ায় স্পিডবোট ভাড়া জনপ্রতি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব দিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। গত সোমবার উপজেলা প্রশাসনের আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় তার এই প্রস্তাবের পর সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বর্ধিত ভাড়া কার্যকরের কথা বলা হলেও এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও অনলাইন অ্যাক্টিভিস্টরা।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মালিকপক্ষ ভাড়া বাড়ানোর দাবি তুললে আলমগীর ঠাকুর ৩০০ টাকা করার প্রস্তাব দেন। তার এই অবস্থানকে সন্দ্বীপের গণমানুষের স্বার্থবিরোধী বলে দাবি করছেন স্থানীয়রা। নিজের বক্তব্যের ব্যাখ্যায় উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর বলেন, ভাড়া নির্ধারণ করার আমি কেউ না। প্রশাসন মতামত জানতে চেয়েছিল, আমি যাত্রী ও ব্যবসায়ী দুপক্ষের স্বার্থ বিবেচনা করে ৩০০ টাকার প্রস্তাব করেছি, কারণ মালিকপক্ষ ৩৫০ টাকা করতে চেয়েছিল।

ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে স্পিডবোট চালনাকারী প্রতিষ্ঠান আদিল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জগলুল হোসেন নয়ন জানান, জ্বালানি তেল ও বোটের যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমান ভাড়ায় বোট চালানো অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা যাত্রীসেবা নিশ্চিত করতে চাই কিন্তু লোকসান দিয়ে ব্যবসা করা সম্ভব নয়। তেলের দাম বাড়ায় আমাদের খরচ অনেক বেড়ে গেছে। তাই সব পক্ষের সাথে আলোচনা করেই একটি যৌক্তিক ভাড়ার প্রস্তাব করা হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, সভায় সব পক্ষের সম্মতিক্রমেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তিনি বলেন, উন্মুক্ত আলোচনায় প্রতিনিধিদের সম্মতিতে এই প্রস্তাব গৃহীত হয়। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই ভাড়াই কার্যকর থাকবে।

তবে প্রশাসনের এই সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দ্বীপের প্রায় শতাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে জানতে চেয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ-এর চূড়ান্ত সিদ্ধান্ত ও গেজেট প্রকাশ হওয়ার আগে কেবল ‘উন্মুক্ত আলোচনা’র নামে ভাড়া বৃদ্ধি করার অধিকার কারো আছে কিনা? যেখানে সারাদেশে কোথাও স্পীডবোট ভাড়া বৃদ্ধি হয়নি সেখানে শুধুমাত্র সন্দ্বীপে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়ার নামান্তর।

এই বিতর্কের মাঝে সন্দ্বীপের মানুষের স্বার্থ রক্ষার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তিনি জানান, সন্দ্বীপবাসীর প্রতিকূলে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, কোনো অবস্থাতেই সন্দ্বীপের স্বার্থবিরোধী কিছু হবে না। এ বিষয়ে ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রীর সাথে যোগাযোগ করা হয়েছে। আইন অনুযায়ী বিআইডব্লিউটিএ-এর গেজেট ছাড়া স্থানীয়ভাবে ভাড়া বাড়ানো নিয়ে সাধারণ যাত্রীদের মাঝে অসন্তোষ বেড়েই চলেছে। এখন দেখার বিষয়, মন্ত্রণালয় বা বিআইডব্লিউটিএ থেকে এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসে কি না।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন