খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একট নতুন জাগরণ ও নতুন বিপ্লব সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে কোদাল দিয়ে মাটি কেটে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উত্তর জয়পুরের কাইচ্চা বাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন খাল খনন করা হয়নি। এর কারণে খালের দুই পাড় এবং খালের মধ্যেও অনেকে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। অনেক জায়গায় খাল দখল হয়ে গিয়েছে। কোথাও কোথাও বাড়িঘর হয়েছে, কোথাও কোথাও দোকানপাট হয়েছে। শিল্প কলকারখানার বর্জ্য এমনভাবে এসেছে আমাদের খাল পুরো বন্ধ হয়েই গিয়েছিল। খাল খননের মাধ্যমে আমরা এগুলো উদ্ধার করবো।
তিনি আরো বলেন, স্কুল, কলেজ, মন্দির ও মাদ্রাসার দিকে আমাদের নজর আছে। শিক্ষার মান বাড়াতে হবে। প্রাইমারি স্কুলে শিক্ষার মান কমে গেছে। আর প্রাইমারি স্কুল হচ্ছে আসল পড়ালেখার ভীত। যদি সেখানে সঠিক পড়াশোনাটা না হয়, সঠিকভাবে যদি ক্লাসটা না হয়, স্কুল যদি জরাজীর্ণ থাকে, শিক্ষক যদি না থাকে, তাহলে সেই ভীতটা দুর্বল হবে। ভীতটা যেন শক্ত হয়, শক্তিশালী হয়, মজবুত হয়, এছাড়া আপনার পরিবারের সন্তান যেন পড়ালেখা করে ভবিষ্যতে সবার মুখে হাসি ফোটাতে পারে সেদিকেও আমাদের বিশেষ নজর আছে।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও বাফুফে সহ সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

