কক্সবাজার-টেকনাফ মহাসড়কে উখিয়া উপজেলার কুতুপালং-বালুখালীর মাঝখানে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ব্যারিকেড দিয়ে একটি মুরগিবাহী মিনি ট্রাক থামিয়ে ডাকাতি ও গুলির ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ জুলাই) রাত দেড়টার দিকে কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন গাড়ির হেলপার জাহাঙ্গীর আলম (৩৫)।
আহত জাহাঙ্গীর উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ধুরুমখালী হাজিপাড়া এলাকার ছৈয়দ আলমের ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ট্রাকচালক মো. শফি বলেন, “রাত ১০টার দিকে ধুরুমখালী এলাকা থেকে মুরগি ডেলিভারির উদ্দেশ্যে বালুখালী বাজারে যাই। ফেরার পথে রাত দেড়টার দিকে এমএসএফ হাসপাতালের অদূরে একটি দল সড়কে ব্যারিকেড দেয়। আমরা বুঝতে পারি তারা ডাকাত। গাড়ি না থামালে তারা গুলি ছোড়ে। একটি গুলি গাড়ির গ্লাস ভেদ করে হেলপার জাহাঙ্গীরের বুকে লাগে। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।”
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, গত শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরদিন শনিবার রাতেও ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
উল্লেখ্য, কুতুপালং-বালুখালী সড়ক এলাকায় সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

