জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি অব্যাহত আছে। দলটির সোমবারের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ফেনীতে। কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতাদের এ জেলায় ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতা নুর আলম সোহাগ। রোববার সোনাগাজী উপজেলার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ প্রতিরোধের ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরের দিকে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব সোহাগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্যে ছাত্রদল নেতা সোহাগ বলেন, ‘এনসিপির এক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গুম থেকে ফিরে আসা নেতার ব্যাপারে বিরূপ মন্তব্য করেছেন। আমরা বলতে চাই, আগামীকাল (সোমবার) ফেনীতে আপনাদের একটি প্রোগ্রাম আছে, আপনারা যদি বিরূপ মন্তব্য নিয়ে ক্ষমা না চান, তাহলে আপনাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, এ দেশ জাতীয়তাবাদী দলের, খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের। এ দেশে রাজনীতি করতে হলে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই রাজনীতি করতে হবে।
সোমবার বিকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও মহিপালে এনসিপির পূর্বঘোষিত দুটি সভা অনুষ্ঠিত হবে। এতে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এনসিপির এ কর্মসূচির বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছে বিএনপি ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কতিপয় নেতাকর্মী। কয়েকদিন ধরে গত বছরের বন্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যার্তদের জন্য সংগ্রহ করা টাকার হিসাব নিয়েও নানা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন বলেন, ছাত্রদল নেতা সোহাগের বক্তব্য আমাদের দলীয় বা সাংগঠনিক বক্তব্য নয়। তবে সম্প্রতি এনসিপির নেতারা বিএনপি নেতাদের নিয়ে যেসব বিরূপ মন্তব্য করছেন, দেশের সাধারণ মানুষ তার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমরাও তাদের এমন বক্তব্যের প্রতিবাদ জানাই।
এনসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান রিজভী বলেন, ছাত্রদল নেতা সোহাগের হুমকির ঘটনা শোনার পর আমরা জেলা বিএনপি ও ছাত্রদল নেতাদের অবহিত করেছি। তারা বলেছেন, ওই বক্তব্যের সঙ্গে জেলা সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি সোহাগের ব্যক্তিগত বক্তব্য।
এদিকে রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়ানো হচ্ছে আগামীকাল (সোমবার) ফেনীতে এন.সি.পির সমাবেশ প্রতিহত করা হবে, এটার সাথে ফেনী জেলা বিএনপির কোন সম্পৃক্ততা নাই। এসব গুজব যারা ছড়াচ্ছে আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের ধারণা এরা ফ্যাসিস্টদের দোসর, মিথ্যা ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পাঁয়তারা করছে। বিএনপি কখনোই কারো সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় নাই। ফেনী জেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোন উষ্কানিমূলক মতামত দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

