কবিরহাটে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

কবিরহাটে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কের হাতাল্লা পোলসংলগ্ন ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আমিনুল হক (৩২) কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবী মিয়ার ছেলে। আহত সৈকত একই উপজেলার বাসিন্দা। তিনি বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে সোনাপুর থেকে মাছবোঝাই একটি পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুল হক ও যাত্রী সৈকত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সৈকত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের আটক করা পিকআপটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন