চট্টগ্রামের রাউজানের পশ্চিম গুজরা এলাকা থেকে বিদেশি একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গতকাল শুক্রবার জেলা পুলিশের সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া সাহাবুদ্দীন আরিফ চেয়ারম্যানের বাড়ির পেছনে ডোবার পাশে সন্ত্রাসীরা মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে বলে জানতে পারি। এ সময় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মীরধারপাড়া এলাকার মো. হেলালের ছেলে মো. পারভেজ (২৮) ও একই ওয়ার্ডের ধুম গোরাছা ফকিরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ সাকিব (২৫)।
তল্লাশির সময় পারভেজের কোমর থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল ও সাকিবের পকেট থেকে একটি ম্যাগাজিন এবং একটি গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

