আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা চট্টগ্রাম-৪ আসনের ভোটারদের

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা চট্টগ্রাম-৪ আসনের ভোটারদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক ৯-১০ ওয়ার্ড) আসনে ভোটগ্রহণের দিন সকাল থেকেই সরব থাকবে নির্বাচনি মাঠ। গুরুত্বপূর্ণ এ আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ নিজ কেন্দ্রে সকালে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজার এলাকায় অবস্থিত মাদ্রাসা এ মুহাম্মদিয়া আহম্মদিয়া সুন্নিয়া কেন্দ্রে ভোট প্রদান করবেন। দলীয় সূত্র জানিয়েছে, ভোট দেওয়ার পর তিনি নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করবেন এবং কেন্দ্রভিত্তিক পরিস্থিতির খোঁজখবর নেবেন।

বিজ্ঞাপন

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী সকাল ৮টায় নিজ এলাকা সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর সলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট শেষে তিনিও কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

সীতাকুণ্ড উপজেলার বিস্তৃত জনপদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনটি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত। শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা সমন্বয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা উল্লেখযোগ্য, ফলে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ও পরিস্থিতি নিয়ে বাড়তি নজর রয়েছে সংশ্লিষ্টদের।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ফখরুল ইসলাম আমার দেশকে বলেন, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। তিনি বলেন, এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।

নির্বাচনি পরিবেশ শান্ত থাকায় ভোটারদের মাঝেও স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রার্থীদের সকালের ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন নির্বাচনি গুরুত্ব এবং পরিস্থিতির প্রতি তাদের নজরদারির বার্তা বহন করছে। সব মিলিয়ে সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...