বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের লবণচাষীদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “ঢাকায় মানুষ এক কেজি লবণ ৪০ টাকা দরে কিনে খেলেও কক্সবাজারের লবণচাষীরা তাদের উৎপাদিত লবণ কেজিপ্রতি ১০ টাকাও পাচ্ছেন না। এটি চরম বৈষম্যের উদাহরণ। বিএনপি ক্ষমতায় থাকাকালে লবণচাষীরা ন্যায্য মূল্য পেয়েছেন।”
তিনি আরও বলেন, দরিদ্র লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অতীতে বিএনপি সংগ্রাম করেছে এবং তা বাস্তবায়নও করেছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতার অভাবে লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যার ফলে বাজারে লবণের দাম কমে যায়। পরে বিএনপির অনুরোধে আমদানি বন্ধ করা হয়। এখন পর্যায়ক্রমে লবণের দাম বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপির অপর নাম গণতন্ত্র, আর গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা ভবিষ্যতে দেশকে কোথায় নিয়ে যাব, তার একটি সুস্পষ্ট রূপরেখা জনগণের সামনে তুলে ধরেছি।”
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে দেশে অর্থনৈতিক স্বচ্ছলতা আনা হবে। বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেশের মানুষের জন্য কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় আরও বক্তব্য দেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, কক্সবাজার জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট।
এর আগে সালাহউদ্দিন আহমদ পেকুয়া উপজেলার শিলখালী ও রাজাখালী ইউনিয়নে ধানের শীষের সমর্থনে আয়োজিত পৃথক নির্বাচনি পথসভায় বক্তব্য দেন। পরে রাত ৮টার দিকে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এসব সভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

