কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় পানির বোতল ভেবে ভুলবশত অ্যাসিড পান করে মো. ওসমান (৬০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত ওসমান উপজেলার ২ নম্বর গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল গ্রামের মৃত ইসলামের ছেলে বলে জানা যায়। পেশায় শ্রমিক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিলেন ওসমান। হঠাৎ তৃষ্ণা অনুভব করায় তিনি পাশে থাকা একটি বোতল থেকে পানি পান করেন। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার তীব্র অবনতি হতে থাকে। পরিবারের সদস্যরা দ্রুত বোতলটি পরীক্ষা করে দেখতে পান যে, তাতে পানি নয়, বরং মারাত্মক ক্ষতিকর অ্যাসিড ছিল।
পরিবারের লোকজন তাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গভীর রাতে তার মৃত্যু হয়।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি দুর্ঘটনা। ভুক্তভোগী ব্যক্তি ভুলবশত পানির বোতল মনে করে সালফিউরিক অ্যাসিড পান করে ফেলেছিলেন।
তবে ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে স্থানীয় এলাকাবাসী সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

