পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

পিকআপের গোপন চেম্বার থেকে ৩৬ হাজার ইয়াবা জব্দ

পিকআপের গোপন চেম্বার থেকে ৩৬ হাজার ইয়াবা জব্দ
ছবি: আমার দেশ

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিকআপসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার রাত ২টা ১০ মিনিটে মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালানো হয়। সেখানে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে রাখা মোট ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে পিকআপটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার নীলার বাসিন্দা। তার বাবার নাম মৃত শফিকুর রহমান এবং মায়ের নাম ফাতেমা খাতুন।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন