ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক শীর্ষ নেতা। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ফেসবুক পোস্টে দাবি করেছেন, গতকালকের খুন ছিল একটি বড় পরিকল্পনার অংশ, একটি সাজানো মঞ্চায়ন। আর সেই মঞ্চের কুশীলব ছিল তথাকথিত জান্নাতের টিকিট বিক্রি করা গুপ্ত সংগঠন।
শনিবার সকালে তার নিজস্ব ফেসবুক আইডিতে এই পোস্ট দেন তিনি।
হৃদয়ের অভিযোগ, হত্যাকাণ্ডে বিএনপি বা ছাত্রদলের কেউ জড়িত নয়। বরং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা চলছে। একদল গর্দভ বিএনপির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। অথচ ঢাবি ছাত্রদল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদ করেছে, বিচার চেয়ে মিছিল করেছে। কিন্তু গুপ্তচক্র চাচ্ছে ছাত্রদলকে নিষিদ্ধ ঘোষণা করা হোক,-ফেসবুক পোস্টে বলেন তিনি।
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় কিছু মানুষকে পথচারীর মতো নির্লিপ্তভাবে হাঁটতে দেখা গেছে। দেখে মনে হয়েছে, যেন পুরো ঘটনাটিই পরিকল্পিত, যেন সাধারণ মানুষ খুনকে স্বাভাবিক মনে করে।
পোস্টে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার পেছনে আলবদর-আল শামসের কোনো সহোদর ইনভেস্ট রয়েছে কিনা এবং হত্যাকারীরা গুপ্ত এজেন্ট কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা উচিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

