শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জেলা প্রতিনিধি, বান্দরবান

শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘মন্ত্রণালয় বা মন্ত্রী আমরা যারা বা যেখানেই থাকি না কেন, শিক্ষার মূল কাজ কিন্তু শিক্ষকদেরই করতে হয়। শুধু মন্ত্রী, সচিব বা শিক্ষা অফিসার দিয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সরাসরি শিক্ষকদেরই শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বান্দরবান পিটিআই ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শিক্ষকদের দায়বদ্ধতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আপনারা যদি দায়িত্ব নিয়ে সঠিকভাবে পাঠদান করেন, তবেই আমাদের শিক্ষার্থীরা সুশিক্ষিত হয়ে উঠবে। কিন্তু বর্তমানে সারা দেশের চিত্র পর্যালোচনায় দেখা যাচ্ছে, এটি সঠিকভাবে হচ্ছে না। আমাদের অন্তত ৫০ শতাংশ শিক্ষার্থী তাদের কাঙ্কিত যোগ্যতা অনুযায়ী শিক্ষা পাচ্ছে না, যা অত্যন্ত উদ্বেগের।’

পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সমতল ও পাহাড় সব জায়গাতেই শিক্ষার সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। তবে পাহাড়ের বিশেষ সমস্যা ও খাতগুলোকে আমরা আলাদা গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা এবং ‘বর্গা শিক্ষক’ প্রথার যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো দ্রুত নিরসনে আমরা কাজ করছি।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মঞ্চের আসন ছেড়ে নিচে নেমে আসেন এবং শিক্ষকদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় মৌলিক প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকরা পিটিআই ভবন ও নিজ নিজ কর্মক্ষেত্রের নানা সংকট ও অসঙ্গতি সরাসরি প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এসময় বান্দরবান অতিরিক্তি জেলা প্রশাসক মো. আবু তালেব, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা হীরামণি, পিটিআই সুপারিনটেডেন্ট মো. ফজলুল হক ভূঞা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন