২০ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, মধ্যরাতে ডাকা হলো অ্যাম্বুলেন্স

২০ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, মধ্যরাতে ডাকা হলো অ্যাম্বুলেন্স
গেট তালাবদ্ধ। ইনসেটে চুয়েট ভিসি। ছবি: আমার দেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য ভবনে ২০ ঘণ্টা ধরে অবরুদ্ধ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। জরুরি চিকিৎসার জন্য মধ্যরাতে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। চুয়েটের চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। অবরুদ্ধ উপাচার্য শেখ শরীফুল আলম জানিয়েছেন, ‘২০ ঘণ্টার ওপরে আমরা অবরুদ্ধ রয়েছি। অনেকে সাফোকেশনে ভুগছেন। ঘুমানোর কোনো স্থান নেই। বিদ্যুৎহীন অবস্থায় থাকায় আমরা অনেক কষ্টে আছি।’

সোমবার দিবাগত রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপাচার্য শেখ শরীফুল আলম। এ সময় দুটি অ্যাম্বুলেন্স উপাচার্য ভবনের সামনে এনে রাখা হয়। এর আগে গতকাল সোমবার সকাল ৮টার দিকে ছাত্রদলের নেতাদের নিয়ে তালা ভেঙে ২১ দিন পর নিজ দপ্তরে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে কয়েকজন সাবেক ছাত্র, বহিরাগত ও অধ্যাপক আরাফাত রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে শিক্ষার্থীরা উপাচার্যকে চুয়েট ত্যাগের ঘোষণা দিয়ে দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। তবে তিনিসহ অন্যরা ভবন ত্যাগ না করায় শিক্ষার্থীরা ভবনে তালা লাগিয়ে দেন। এতে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য শেখ শরীফুল আলমসহ তার সঙ্গীরা। দিনভর উপাচার্য ভবনের সামনে স্লোগান দিয়ে তাকে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা।

একপর্যায়ে শেখ শরীফুল আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এগিয়ে এলে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ‘অনলাইন ভিসি, অনলাইন ভিসি’, ‘যেই ভিসি ছাত্র মারে, সে আমার না’ বলে স্লোগান দিতে থাকেন।

চুয়েট সূত্র জানায়, সোমবার বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যসহ তার সঙ্গে থাকা ব্যক্তিদের জন্য খাবার পাঠিয়েছেন। রাতে তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে উপাচার্য নিজেই অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মকর্তাদের ডাকেন। রাত ২টার দিকে শিক্ষার্থীদের পাহারায় চিকিৎসকেরা সেখানে প্রবেশ করেন।

এর আগে রাউজানের সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) চুয়েটে প্রবেশ করে উপাচার্য ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ চালু করার অনুরোধ জানান শিক্ষার্থীদের। তবে তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

শিক্ষার্থীরা জানান, সোমবার বিকেলে রাউজানের মদুনাঘাটসহ একাধিক স্থানে শিক্ষার্থীদের কয়েকটি বাসে হামলা চালিয়েছেন উপাচার্যের সমর্থকেরা। এতে বাস ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে একই দিন বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

এদিকে চুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বিবৃতি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে চুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্টাফ অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে উপাচার্য পদে বহাল করার দাবি জানিয়েছে।

এছাড়া মঙ্গলবার রাজধানীর শাহবাগে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহাল, নতুন ভিসির পদত্যাগ ও শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকাস্থ সাবেক চুয়েটিয়ানরা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন