কুমিল্লায় আবারও কিশোর গ্যাং-বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবারের এ সাঁড়াশি অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় চার সদস্য রয়েছেন। আটক আনিসুর রহমান ওরফে আনিক (১৯) গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৬টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লা নগরের বিভিন্ন চিহ্নিত স্পটে অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ৩৭ জনকে আটক করে। তাদের মধ্যে চারজন কিশোর গ্যাং রতন গ্রুপের সরাসরি সদস্য। আটক আনিসুর রহমান ওরফে আনিক নগরীর ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশেমের ছেলে এবং রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের আপন ভাগনে। রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিকই মূলত এই গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন। আনিক ২০২২ সালের একটি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এবং গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে পুনরায় গ্যাংয়ের নেতৃত্বে যুক্ত হন।
গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের নৃশংস হত্যাকাণ্ডের পর নগরীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ তৎপরতার বিষয়টি নতুন করে সামনে আসে। এরই ধারাবাহিকতায় গত ২৩ সেপ্টেম্বর রাতে জেলা জুড়ে অভিযান চালিয়ে ৬২৪ জন এবং পরবর্তীতে গত রাতে আরও ২৫৪ জনসহ বিপুলসংখ্যক সন্দেহভাজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, কিশোর গ্যাংয়ের বখাটেদের উৎপাত ও আড্ডা জমে এমন এলাকাগুলোকে চিহ্নিত করে অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

