কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। পারিবারিক কলহের জেরে ছৈয়দ আলম (২৭) নামের এক রোহিঙ্গা যুবক তার স্ত্রী আয়েশা খাতুনকে (২৫) ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার (১১ জুন) রাতে ক্যাম্প-২ ওয়েস্টের ব্লক-ডি/১২-তে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা ও অভিযুক্ত ছৈয়দ আলম নিবন্ধিত রোহিঙ্গা। জানা গেছে, ছৈয়দ আলম একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ঘটনার দিন তর্কবিতর্ক চরমে পৌঁছালে ছৈয়দ আলম স্ত্রী আয়েশাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই তিনি পালিয়ে যান।
খবর পেয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্প ঘটনাস্থলে আসে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডে পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, “রাতে ক্যাম্পে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

