আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন এবি পার্টির চেয়ারম্যান

জেলা প্রতিনিধি, ফেনী

রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে যা বললেন এবি পার্টির চেয়ারম্যান

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের সাথে সাক্ষাৎ করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

বিজ্ঞাপন

একইদিন তিনি ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন, সেনাবাহিনী ফেনী অধিনায়ক লে. কর্নেল আমানুল হক পিএসসি, সহকারী পুলিশ সুপার ফেনী (র‍্যাব-৭) এ আর এম মোজাফফর হোসেনের সাথেও আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় নির্বাচনের পরিবেশ, আচরণবিধি প্রতিপালন, আইন শৃঙ্খলা পরিবেশ এবং দল ও জোটের নেতাকর্মীদেরকে প্রতিপক্ষের ভয়ভীতি দেখানো, কাজে বাধা দেয়াসহ নানা বিষয়ে আলাপ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রধান নির্বাচনি এজেন্ট ও জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহআলম বাদল, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হক, এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভী, জেলা এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা।

পরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের একটি প্রচার ক্যারাভান আটক করে এসিল্যান্ড জসিম উদ্দিন এক কর্মীকে আটক করে হেনস্তা করেছেন, খারাপ ব্যবহার করেছেন এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি বলেন, এ ধরনের প্রচার ক্যারাভান সারাদেশেই চলছে। ফেনী- ১ আসনে বিএনপির প্রার্থীরও ক্যারাভান রয়েছে। কিন্তু আমাদের বলা হয়েছে, আমাদের রঙিন ব্যানার রয়েছে। অথচ এগুলো জামায়াতের আমির সাহেব আসা উপলক্ষে লাগানো হয়েছিল। পরবর্তীতে সরিয়ে ফেলা হয়েছে। তারেক রহমান ফেনী আসার সময় অন্যান্য দলও রঙিন ব্যানার লাগিয়েছিল, তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

মঞ্জু বলেন, এটি সম্পূর্ণ অন্যায় ও অনিয়ম এবং স্পষ্টতই বৈষম্যমূলক আচরণ। আমাদের কাছে মনে হচ্ছে, এসিল্যান্ড সম্পূর্ণভাবে একপক্ষের প্রতি পক্ষপাতদুষ্ট। একই ধরনের সুযোগ কেউ পাবে, কেউ পাবে না এমন তো হতে পারে না।

তিনি আরো বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের বিষয়ে প্রচার চালানো হচ্ছে, ভোটারদের লোভ দেখানো হচ্ছে। যা আচরণবিধি অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এসব অনিয়ম অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনি প্রচারণাসহ নানা অনিয়মের বিষয়েও আমরা অভিযোগ জানিয়েছি। রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকেও এসব বিষয় অবগত করা হয়েছে। অন্যরা যদি আচরণবিধি ভঙ্গ করে, তাদের বিরুদ্ধেও অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

মঞ্জু বলেন, আমাদের সম্ভাবনা দেখে কারও কারও মধ্যে ধৈর্যচ্যুতি ও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবেন এটাই গণতন্ত্র। কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দেওয়া এসব অনিয়ম যেন না হয় এ বিষয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন