ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের বহনকারী তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আনসার সদস্য আহত হয়েছেন নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার । সোমবার দুপুর একটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকার তাসফিন সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয় ।
জানা গেছে, খাগড়াছড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা দেওয়া আনসার সদস্যদের বহনকারী তিনটি বাস একই লাইনে চলছিল। পথে দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছলে হঠাৎ একটি বাসের সঙ্গে সামনে থাকা আরেকটি বাসের ধাক্কা লাগে। এতে পেছনের বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বাসে ধাক্কা দেয়। ফলে পরপর তিনটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। আহত আনসার সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বাস গুলো অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটে । ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

