চট্টগ্রামে জুবলি রোড এলাকায় একিভূত ৫ ব্যাংকের আমানতকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। আমানতকারী অ্যাসোসিয়েশন নামে একটি ব্যানারে তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে একই সংগঠনের ব্যনারে খাতুনগঞ্জ ও আগ্রাবাদের কয়েকটি শাখার সামনে বিক্ষোভের পর ব্যাংকের প্রধান গেইটে তালা লাগানোর কর্মসূচি পালিত হয়।
সোমবার সকাল ১১টার দিকে ৩০ থেকে ৪০ জন আমানতকারী প্রথমে এক্সিম ব্যাংকের জুবলী রোড শাখার সমনে জড়ো হয়। পরে ব্যাংকের প্রধান গেইটের সামনে ব্যানার টানিয়ে দাবি আদায়ে বিভিন্ন ফেস্টুন ঝুলিয়ে আমানত ফেরত পাওয়ার দাবি জানান।
এসময় অনেকে মাটিতে বসে আমানত ফিরে পাওয়ার দাবি জানান। এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি শাখার সামনেও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনের নেতৃত্ব দেয়া আমানতকারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম উদ্দিন জানান, ব্যাংকগুলোর স্কিম অনুযায়ী লেনদেন স্বাভাবিক করা এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী প্রত্যেক আমানতকারীকে ২ লাখ টাকা করে প্রদান করতে হবে। এর আগে নিয়ম অনুযায়ী সরকারের বিভিন্ন পর্যায়ে স্মারকলিপি দেয়া হয়েছে। কিন্তু সরকার সংকট সমাধানে এগিয়ে না আসায় দাবি আদায়ে আন্দোলন কর্মসূচি শুরু করতে বাধ্য হয়েছেন তারা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

