কক্সবাজারের মহেশখালীতে শিল্পী শীল (৪৫) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী রবি সওদাগর জানান, তিনি বাজারে দোকান করেন। তার স্ত্রী শিল্পী শীল বাড়িতে একা ছিলেন। স্ত্রীকে ছুরিকাঘাতের খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাইপো নিকাশ শর্মা জানান, তার কাকার পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোর চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় হিন্দু নেতা শান্তি নন্দী জানান, রবি সওদাগরের পরিবার এলাকায় শান্ত ও সামাজিক পরিবার হিসেবে পরিচিত। তাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। রবি ও শিল্পী দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন। নিজ বাড়িতে তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

