ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আরিফুল ইসলাম (৪৫) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে।
এর আগে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়ার পর সেখানে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিযোগ উঠেছে গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মো. আলী হোসেন (৪৮) তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোনও নিয়ে ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোন নেয়ার বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। পলাতক ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

