সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী ‘উদয়ন এক্সপ্রেস’ (৭২৪) ট্রেনের সময়সূচি নিয়ে বাংলাদেশ রেলওয়ের ভুল বার্তার কারণে চরম ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। এক ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ার তথ্য সংবলিত এসএমএস পেয়ে স্টেশনে দেরিতে আসায় নির্ধারিত ট্রেনটি ধরতে পারেননি উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা।
জানা যায়, শনিবার রাতে যাত্রীদের রেলওয়ে কর্তৃপক্ষের পাঠানো মোবাইল ও অনলাইন বার্তায় বলা হয়েছিল, সিলেট স্টেশন থেকে রাত ১০টার উদয়ন এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে রাত ১১টায় যাত্রা শুরু করবে। এই মেসেজের ওপর ভরসা করে অনেক যাত্রী ১১টার সময়কে কেন্দ্র করে সিলেট স্টেশনে পৌঁছানোর প্রস্তুতি নেন। তবে বাস্তবে ট্রেনটি বিলম্ব না করে তার নির্ধারিত সময় রাত ১০টায়ই সিলেট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।
এদিকে ম্যাসেজ অনুযায়ী বিলম্বে সিলেট স্টেশনে আসা শতাধিক যাত্রী ট্রেনটি মিস করেন। ট্রেনে যাত্রা করতে না পারা শতাধিক যাত্রীর প্রতিবাদের কারণে উদয়ন ট্রেনটি রাত ১১টা ১৪ মিনিটে কুলাউড়া জংশন স্টেশনে এসে পৌঁছালেও প্রায় দুই ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় যাত্রা মিস করা যাত্রীদের জন্য।
রেলওয়ে কর্তৃপক্ষের ভুল তথ্যের কারণে মাঝরাতে এমন ভোগান্তিতে পড়ে চরম ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী অনেক যাত্রী। সিলেটে আটকে পড়া যাত্রী মিনহাজ আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রেলওয়ে নিজেই ভুল মেসেজ দিয়ে আমাদের হয়রানি করল। এখন মাঝরাতে অন্য ট্রেনে চেপে কুলাউড়ায় গিয়ে আবার ওই ট্রেন ধরতে হবে। এই ভোগান্তি ও দায়িত্বে অবহেলার দায় কে নেবে?’
কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ জানান, শুক্রবার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস প্রায় চার ঘণ্টা আটকে থাকে। ফলে সিলেট-চট্টগ্রামগামী ট্রেনের যাত্রা বিলম্ব হয় কিছুটা। শিডিউল সমস্যার কারণে মেসেজে আগেই যাত্রীদের জানানো হয়েছিল ভোগান্তি না পোহাতে। পরে টাইমিং ঠিক হয়ে যাওয়ায় সঠিক সময়ে সিলেট থেকে উদয়ন ছেড়ে আসায় অনেক যাত্রী ট্রেন যাত্রা মিস করেন। বিষয়টি বুঝতে পেরে কুলাউড়া রেলওয়ে স্শটেনে উদয়ন ট্রেন প্রায় দুই ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ঢাকাগামী উপবনে করে কুলাউড়ায় নিয়ে আসে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের যাত্রীদের। রাত ১টার পর উদয়ন ট্রেন কুলাউড়া থেকে ছেড়ে যায়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

