ফেনীতে মডেল থানার ৩০০ গজের মধ্যে আ.লীগের ঝটিকা মিছিল

ফেনীতে মডেল থানার ৩০০ গজের মধ্যে আ.লীগের ঝটিকা মিছিল

ফেনী মডেল থানার ৩শ গজের মধ্যে জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ধরনের একটি ভিডিও ক্লিপ এ প্রতিবেদকের হাতে এসেছে।

বিজ্ঞাপন

নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী জেলা সভাপতি তোফায়েল আহমেদ তপু ও নুরুল করিম জাবেদের ফেসবুকে পোস্ট করা উক্ত ভিডিওতে দেখা যায়, ভোরে শহরের ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে শুরু হয়ে কলেজ রোডের পৌরসভার সামনে এসে শেষ হয়। এ সময় শহরে সড়ক বাতিগুলো জ্বলছিল।

ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার প্রায় ৯ মাস পর এই মিছিলকারিরা ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসবে’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘অ্যাকশান অ্যাকশান ডাইরেক্ট অ্যাকশান’, ‘নিজাম ভাইয়ের অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথে নিজাম ভাই’ শ্লোগান দেয়।

এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে মিছিল শেষ করে। এদের মধ্যে কয়েকজন মুখোশ পরা ছিল।

তবে, মিছিলে দলটির পদবীধারী কাউকে দেখা যায়নি। আ'লীগ সমর্থিত একাধিক সূত্রের সাথে যোগাযোগ করে মিছিলকারীদের পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান বলেন, পুলিশ বিষয়টি অবগত হয়েছে। এ ঘটনায় তাদের একাধিক টিম কাজ করছেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন