লক্ষ্মীপুরে যাত্রী নিয়ে হাসপাতালে আসার পথে পিকআপের ধাক্কায় মো. আলী হোসেন নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ যাত্রী।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নতুন তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৬৫ বছর বয়সী আলী কুশাখালী ইউনিয়নের কালিবৃত্তি গ্রামের শামছ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের ভক্তি সর্দার বাড়ির ইউসুফ আলী, তার মেয়ে অহি, ছেলে জুনায়েদ, স্ত্রী রুবি আক্তার ও ফুফু বিবি হাজেরা।
আহত ইউসুফ বলেন, চিকিৎসাধীন ভাতিজাকে দেখতে দুপুরে আলীর অটোতে করে আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিলাম। তেওয়ারীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে ভবানীগঞ্জ চৌরাস্তার দিক থেকে আসা একটি পিকআপ আমাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমরা গুরুতর আহত হই।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, হাসপাতালে আনার পর অটোচালক আলী মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

