চাটখিলে ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেলো অটোচালকের

চাটখিলে ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেলো অটোচালকের

নোয়াখালীর চাটখিলে ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে যাত্রীর মারধরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মো. মিজান হোসেনকে আটক করেছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত কিরণ একই ইউনিয়নের প্রসাদপুর দাইবাড়ির মৃত মো. হানিফের ছেলে। আটক মিজান একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল হাশেম মুন্সি বাড়ির মৃত নাজির আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সোমপাড়া বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী মিজান। ভিকটিম অটোচালক কিরণ তার পূর্ব পরিচিত ছিল। সোমবার বিকালে সোমপাড়া বাজার থেকে ব্যবসায়ী মিজানের বউসহ সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়া জন্য ভাড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে মিজানের কাছ থেকে ভাড়া না নিয়ে অটোচালক কিরণ অন্য যাত্রী নিয়ে উপজেলার প্রসাদপুরে চলে যায়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কিরণ বমি করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, কিরণের মৃত্যুর খবর পেয়ে তার স্বজনেরা মিজানের দোকানে হামলা করে তাকে মারধরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নেয়া হয়। একই সাথে ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এতে লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন