পাহাড়ি ঝিরিপথে ঘুরতে গিয়ে ফেনী পলিটেকনিকের দুই শিক্ষার্থীর মৃত্যু

পাহাড়ি ঝিরিপথে ঘুরতে গিয়ে ফেনী পলিটেকনিকের দুই শিক্ষার্থীর মৃত্যু

পাহাড়ি ঝিরিপথে ঘুরতে গিয়ে পানির স্রোতে তলিয়ে গিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের দুই শিক্ষার্থী আমিনুল ইসলাম (২০) ও ইব্রাহিম হৃদয়ের (২২) মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ জুলাই) রাত ১২টা তাদের প্রিয় ক্যাম্পাস ফেনী পলিটেকনিকে এ দুই বন্ধুর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

পরে আমিনুল ইসলামের লাশ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতেরচর গ্রামে ও ইব্রাহিম হৃদয়ের লাশ ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকার নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ দুর্ঘটনার সময় শিক্ষার্থী মো. সায়েম, রায়হান ও মিরাজ আহত হয়েছেন। তাদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত মোহাম্মদ সায়েম বলেন, মঙ্গলবার বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ঝিরিপথে তারা ঘুরতে যান। বিকালে ওই এলাকায় ভারী বৃষ্টি হলে তাদের সঙ্গে থাকা আমিনুল ইসলাম ও ইব্রাহিম হৃদয় হারিয়ে যান।

একপর্যায়ে তারা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত ওখানকার পাহাড়ি এলাকায় কাটান। পরে বুধবার সকালে তাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে সেখান থেকে তাদের উদ্ধার করেন।

আহত সায়েম বলেন, প্রথমে হৃদয় পা পিছলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে গালিবও পড়ে যান। পরে পানির স্রোতের কারণে তাদের আর পাওয়া যায়নি। আমিসহ ওই এলাকার স্থানীয় দুজন সেখানে তাদের খোঁজাখুঁজি করেছিলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ঝিরিপথে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুই তরুণ।

সেদিন রাত থেকে তাদের কোনো সন্ধান না পেয়ে আরেক বন্ধু জিহাদ হাসানসহ কয়েকজন মেলখুম গিরিপথে গিয়ে স্থানীয় বাসিন্দা, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানান।

পরে খবর পেয়ে বুধবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করেন সেখানকার ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশ দুই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন