রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধ করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, ‘গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের প্রাণভোমরা। কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছেন, তাদের মুখ চেপে ধরছেন। একটি গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের জন্য এটি অত্যন্ত লজ্জার।’
চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সাংবাদিকেরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব হামলার একটিরও বিচার হয়নি। এভাবে চলতে থাকলে আমরা যে কারও কর্মসূচি বর্জন করতে এক পা-ও পিছপা হব না।’
মানববন্ধনে তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; রাবিতে সাংবাদিকদের ওপর হামলাকারী দোষীদের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং চবিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও এর কার্যকর বাস্তবায়ন করতে হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

