চাঁদপুর জেলা ওলামা লীগের সাবেক সভাপতি, নানা অপকর্মের হোতা মাওলানা আবদুল কাদেরকে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি করার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করেছেন।
সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে সচেতন নাগরিক কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা আব্দুল কাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল। ১৭ বছর ওলামা লীগের পদবি ব্যবহার করে এলাকার মানুষকে মামলা, হামলা, হয়রানি, শিক্ষকদের চাকরিচ্যুত ও মাদ্রাসায় লুটপাট করেছেন তিনি। মাদ্রাসার সুপারের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটিকে তিনি অনিয়ম-দুর্নীতির আখড়া বানিয়েছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কোন খুঁটির জোরে তিনি আবার পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন, এই প্রশ্ন এলাকাবাসীর। অবিলম্বে তার অপসারণ দাবি করেছেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মাসুদ রানা, সুমন ব্যাপারী, খলিল পাটওয়ারী, হাসান ভূইয়া, নয়ন ব্যাপারী, মো. দুলাল ব্যাপারী, মোক্তার হেসেন, হান্নান মুন্সী, আ. রশিদ হাজী, মো. মানিক হোসেন, নুরু ব্যাপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নয়ন ব্যাপারী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাকসুদ হাসান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

