ব্যানারে আহ্বায়কের ছবি না থাকায় বিএনপির অফিস ভাঙচুর

প্রতিনিধি, কুমিল্লা ও চৌদ্দগ্রাম

ব্যানারে আহ্বায়কের ছবি না থাকায় বিএনপির অফিস ভাঙচুর

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদার ছবি না থাকায় বিএনপির অফিসে হামলার অভিযোগ উঠেছে একই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে এই ঘটনা ঘটে। হামলার অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়নের সম্মেলনে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. গোলাম কাদের চৌধুরী নোবেলের সমর্থকদের মধ্যে ব্যানারের ছবি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ব্যানার নামিয়ে এবং চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় কামরুল হুদার অনুসারীরা তারা জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ছিঁড়ে ফেলে দেয়।

শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহসান হাবিব জিয়া অভিযোগ করে বলেন, শুক্রবার বিকেলে কাদৈর বাজারে দলীয় মিটিং ছিল। শুভপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং সদস্য সচিব মতিন মেম্বারের নেতৃত্বে কয়েকজন কাদৈর বাজারস্থ বিএনপি অফিসে হামলা করে সভা পণ্ড করে দেয়। অফিসের ব্যানারে কামরুল হুদার ছবি না থাকায় ব্যানারগুলো ছিঁড়ে ফেলে। এ সময় বাধা দিলে হামলাকারীরা আমাকে এবং স্থানীয় বিএনপি নেতা বাচ্চুকে লাঞ্ছিত করে।

শুভপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মতিন মেম্বার বলেন, তারা দলের নিয়ম বহির্ভূতভাবে ব্যানার লাগিয়ে প্রোগ্রামের আয়োজন করে। ব্যানারে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার ছবি না থাকায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি। তাই কামরুল হুদার ছবি না থাকার বিষয়টি নিয়ে একটু কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়।

এ বিষয়ে জানতে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম কাদের নোবেল কে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিএনপির দু’পক্ষের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুনেছি ব্যানার লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...