দাম্পত্য জীবনের শুরুতেই

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
ছবি: আমার দেশ

নোয়াখালীর সেনবাগে দাম্পত্য জীবনের শুরুতেই দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। বিয়ের আনন্দ শেষ না হতেই মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টায় সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কুটিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আল আমিন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পশ্চিম-দক্ষিণপাড়া গ্রামের রশিদ বেপারী বাড়ির আব্বাস ক্বারির ছেলে।

স্থানীয়রা জানান, আল আমিন তার বাবা ও ভাইয়ের সঙ্গে ছাতারপাইয়া বাজারে নিজেদের ওষুধের দোকানের ব্যবসা দেখাশোনা করতেন। গত সোমবার পারিবারিকভাবে তার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী থেকে বাড়ি ফেরার পথে কুটিরবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মুরগিবাহী অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন