রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, গণজাগরণ মঞ্চের সংগঠক ও বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়র চন্দ্রা চাকমার দায়ের করা আইসিটি মামলা রয়েছে বলে জানা গেছে। রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাঙামাটি জেলা পরিষদের ফটকের সামনে থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করে।

তবে আটকের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি ‘তুলে নিয়ে গেছে’ বলে প্রচার চালাচ্ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ৩৪ মিনিটে রাঙামাটি জেলা পরিষদের সামনে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি সৈকত রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বলছেন। পরে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাদা রঙের একটি মাইক্রোবাসে ওঠেন। এরপর ডিবি পুলিশের সদস্যরাও ওই মাইক্রোবাসে উঠে দরজা বন্ধ করে চট্টগ্রামের দিকে রওনা হন।

সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারদলীয় ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সৈকত রঞ্জন চৌধুরীকে নিয়ে গেছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ‘ছাত্রদল নেত্রী সায়রা চন্দ্রা চাকমার দায়ের করা আইসিটি মামলায় সৈকত রঞ্জন চৌধুরীকে ডিবি পুলিশ আটক করেছে। ওই মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকেও আটক করা হয়েছে। তাঁদের ঢাকায় নেওয়া হচ্ছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন