পাহাড়তলী থানায় সংঘটিত অস্ত্র লুটের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ‘ব্লেড মাসুম’ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তার কাছ থেকে একটি ৭.৬২ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি’র পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।
ডিসি কবির ভূঁইয়া জানান, গ্রেপ্তার সাইদুর রহমান মাসুম (২৮) নগরীতে ‘ব্লেড মাসুম’ নামে পরিচিত। গত ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িত সন্ত্রাসীদের কাছ থেকে সে অস্ত্র ও গুলি সংগ্রহ করে। এরপর তা নিজের হেফাজতে রেখে বিভিন্ন ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহার করে আসছিল।
তিনি বলেন, বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে পাহাড়তলীর রানী রাসমণিঘাট ওভারব্রিজ এলাকায় চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে ‘ব্লেড মাসুম’কে থামতে বললে সে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। তল্লাশিতে তার কোমরের বেল্টে থাকা পিস্তল, গুলি, ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাসুমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেয়ার প্রস্তুতি চলছে। সিএমপি জানায়, মাসুম দীর্ঘদিন ধরে নগরজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

