চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্যসেবার একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসাসেবা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের কমতি নেই।
কর্তৃপক্ষের অবহেলা, চিকিৎসার মান ও পরিবেশ নিয়ে প্রতিদিন বাড়ছে রোগীদের অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তীব্র জনবল সংকটের কারণে সঠিকভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। সেপ্টেম্বর ২০২৬ সালের তথ্য অনুযায়ী ৫০ শয্যার শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২১৩টি পদ নির্ধারণ করা হয়। বর্তমানে কর্মরত আছেন ১০৫ জন। হাসপাতালটিতে বর্তমানে ১০৮টি পদ খালি রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রতিদিন রোগীরা হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছেন। ছিনতাই, চুরি ও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রোগীদের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হচ্ছে।
সদ্য যোগদান করা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল জানান, হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে কাজ শুরু করেছি। শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি আরো জানান, জনবল সংকটের বিষয়টি অবহিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করা গেলে সেবার মান বৃদ্ধি পাবে।
এদিকে সার্জন ও অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে দুমাস ধরে অপারেশন বন্ধ রয়েছে। এক বছর ধরে আলট্রাসনোগ্রাম মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। এক মাস ধরে সিবিসি মেশিন ও অটো ক্ল্যাব মেশিন নষ্ট হয়ে আছে। শুধু তাই নয়, সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে হাসপাতাল এলাকাটি ভুতুড়ে পরিবেশে পরিণত হয়। দীর্ঘদিন অযত্নে-অবহেলায় নষ্ট হয়ে পড়ে আছে আধুনিক মানের জেনারেটর মেশিন। এছাড়াও বিশুদ্ধ পানির সংকট রয়েছে যুগ যুগ ধরে।
শুধু ব্যবস্থাপনা নয়, শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন থাকতে হয় রোগী ও তাদের স্বজনদের। হাসপাতালের প্রবেশমুখে দালালদের দৌরাত্ম্য, বিনা অনুমতিতে ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্সের হাসপাতাল চত্বর দখল ও নিয়মিত ওষুধ বিক্রয়কর্মীদের ভিড়ে রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি চিকিৎসকদের অবহেলার বিষয়টি ব্যাপকভাবে সচেতন মহলকে নাড়া দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

