মধ্যরাতে গাছের মগডালে যুবক, আজান দিয়ে নামানো হলো

চট্টগ্রাম ব্যুরো

মধ্যরাতে গাছের মগডালে যুবক, আজান দিয়ে নামানো হলো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় রাতের অন্ধকারে এক যুবক গাছের মগডালে উঠে বসে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে আজান দিয়ে ওই যুবককে গাছ থেকে নামান স্থানীয়রা।

গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, ওই যুবক সোমবার সকালে ওই গাছের কিছু অংশ কেটেছিলেন। এরপর সন্ধ্যা নামতেই হঠাৎ তাকে গাছের একেবারে মগডালে দেখা যায়। মধ্যরাতে বিষয়টি দেখে এলাকার লোকজন গাছটির নিচে ভিড় জমাতে শুরু করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সলিমপুরের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, হঠাৎ দেখি ছেলেটা গাছের একদম মাথায় উঠে বসে আছে। তাকে আমরা ডাকলেও নামছিল না, কোনো কথাও বলছিল না সে। দেখে মনে হচ্ছিল সে যেন ঘোরের মধ্যে আছে।

আরেক বাসিন্দা ইমরুল হাসান জানান, অনেকক্ষণ চেষ্টার পরও যুবককে নামানো সম্ভব হচ্ছিল না। তখন স্থানীয় একজন আজান দেওয়া শুরু করেন। এরপর অনেকে একসঙ্গে আজান দিতে থাকেন। আজানের পরপরই যুবকটি ধীরে ধীরে গাছ থেকে নেমে আসেন।

স্থানীয় এক প্রবীণ বলেন, এ রকম ঘটনা আমরা আগে কখনো দেখিনি। আযান দেওয়ার পরেই ছেলেটা নেমে এলো। আল্লাহর কুদরতই বলতে হয়।

এদিকে এ ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। যুবকটি মানসিক কোনো সমস্যায় ভুগছিলেন কি না, কিংবা অন্য কোন কারণে এই অস্বাভাবিক আচরণ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসীর মধ্যে বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ বা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন