টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে রোববার থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হওয়ায় ট্রেন চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার চট্টগ্রাম নগরের চাঁন্দগাঁও থানার মেডিকেল গেট এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত রেললাইন পরিদর্শন শেষে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ।
তিনি বলেন, “রেললাইনে পানি উঠে যাওয়ায় গত বুধবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজ ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেছি। যেখানে কিছু সমস্যা ছিল, সেগুলোর মেরামতের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (রোববার) থেকে ট্রেন চলাচল শুরু করা যাবে।”
ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত বুধবার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কয়েকটি ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সূত্র জানায়, জলাবদ্ধতার কারণে মোট চারটি ট্রেনের চলাচল বিঘ্নিত হয়। এর মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস-এর যাত্রা পুরোপুরি বাতিল করা হয়। এছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস-এর চট্টগ্রাম থেকে কক্সবাজার অংশের যাত্রা বাতিল করে যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়।
রেলওয়ের কর্মকর্তারা জানান, ট্রেন চলাচল শুরুর আগে পুরো রেললাইন নিরাপদ রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে রোববার থেকে চট্টগ্রাম–কক্সবাজার রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
দীর্ঘদিন পর ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার খবরে কক্সবাজারগামী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে পর্যটন মৌসুমে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

