চকরিয়ায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার ১০

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

চকরিয়ায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তার  ১০
ছবি: আমার দেশ

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়িসহ পরোয়ানাভুক্ত ১০ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানা পুলিশের একাধিক টিম চকরিয়া পৌর সদরের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

চকরিয়া থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক, অনলাইন জুয়া ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চকরিয়া পৌর সদরে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ১০ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৭ জন এবং সাইবার স্পেসে বিভিন্ন অবৈধ অ্যাপসের মাধ্যমে পরিচালিত অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৩ জনসহ সর্বমোট ১০ জন আসামি রয়েছে। গ্রেপ্তারকৃত এসব আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, অনলাইন জুয়া বর্তমানে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সহজে অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেক তরুণ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে, যার ফলে সামাজিক অবক্ষয়, পারিবারিক অশান্তি এবং আর্থিক ক্ষতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে চকরিয়া থানা পুলিশের অভিযান আরো জোরদার করা হবে। তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি সাইবার অপরাধ দমনে নিয়মিত মনিটরিংও অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন