বন্যা দুর্গত এলাকায় জুলাই মাসে বন্ধ থাকবে কিস্তি, খাদ্যবান্ধব কর্মসূচি আগামী সপ্তাহে

বন্যা দুর্গত এলাকায় জুলাই মাসে বন্ধ থাকবে কিস্তি, খাদ্যবান্ধব কর্মসূচি আগামী সপ্তাহে

বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় জুলাই মাসে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে। পাশাপাশি দুর্গত জেলাগুলোতে আগামী সপ্তাহ থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করবে সরকার। দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্যা তদারকি ও মনিটরিংয়ের দায়িত্বে থাকা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বিজ্ঞাপন

রোববার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এর আগে সার্কিট হাউজে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধস পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী মতবিনিময় সভা করেন তিনি।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাগড়াছড়ির দুর্গত মানুষের জন্য বার্তা হলো—ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে সরকার রয়েছে। যারা গৃহহীন হয়েছেন কিংবা যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘরবাড়ি মেরামত ও পুনর্নির্মাণে সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, কৃষি, মৎস্য ও পশুসম্পদ খাতে ক্ষতিগ্রস্তদের নিজ নিজ বিভাগের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সড়ক, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো দ্রুত সময়ের মধ্যে মেরামত করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্যোগের পর থেকেই সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম, চিকিৎসাসেবা এবং খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পুনর্বাসন কর্মসূচিতেও সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

প্রতিমন্ত্রী জানান, আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও দুর্গত মানুষের কষ্ট বিবেচনায় তা এগিয়ে আনা হয়েছে। কর্মহীন মানুষ এবং যাদের আয় কমে গেছে, তারা যেন স্বল্পমূল্যে খাদ্য কিনতে পারেন, সে জন্য আগামী সপ্তাহ থেকেই বন্যা দুর্গত জেলাগুলোতে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হবে।

এর আগে মতবিনিময় সভায় জেলার বন্যা ও পাহাড় ধস পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, উদ্ধার কার্যক্রম এবং পুনর্বাসন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বিকেলে প্রতিমন্ত্রী জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দীঘিনালা উপজেলার বোয়ালখালীসহ বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন