মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণ থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সি এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনেরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

এরপর বুধবার সকাল থেকে ভোলা থেকে আসা ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে কোস্টগার্ড তামিমের লাশ উদ্ধার করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বুধবার বিকেলে কোস্টগার্ড শিশুর লাশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন